• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 19 September, 2026
সর্বশেষ আপডেট : 19 September, 2026

৮ দফা দাবিতে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর রওনা হওয়ার কথা রয়েছে।

লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ উদ্বোধনী বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেবেন।

লংমার্চের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা করার কর্মসূচি রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

কর্মসূচিতে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনসহ ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলো।

লংমার্চকে কেন্দ্র করে ঢাকা থেকে রংপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ও মহানগর এলাকায় দলগুলোর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালনের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর