অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে ছড়িয়ে পড়া ‘চুক্তিভিত্তিক বিয়ের’ খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে এমন গুজব ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রভার বিয়ে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। সেখানে তাঁর ‘চুক্তিভিত্তিক বিয়ে’র কথাও উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রভা।
তিনি বলেন, হঠাৎ করেই নিজের বিয়ের খবর ছড়িয়ে পড়তে দেখেছেন। তবে বাস্তবে তিনি বিয়ে করেননি। ‘চুক্তিভিত্তিক বিয়ে’ কিংবা এ ধরনের কোনো সম্পর্কে তিনি কখনো জড়াননি বলেও স্পষ্ট করেন।
প্রভা বলেন, তাঁকে নিয়ে ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। ভক্তদের কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সঠিক তথ্য জানার জন্য ভক্তদের তাঁর অফিশিয়াল ফেসবুক পেজের তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছেন প্রভা। তাঁর ভাষ্য, ভবিষ্যতে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানাবেন।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এলেও এবার ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন সরাসরি নাকচ করে দিলেন প্রভা।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ
আপনার মতামত লিখুন :