• ঢাকা
  • বুধবার, 30 September 2026, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 11 August, 2026
সর্বশেষ আপডেট : 11 August, 2026

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে আদালতের সম্মতি

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণের আবেদনে সম্মতি দিয়েছেন আদালত। গত ২৯ জুলাই এ বিষয়ে আদালতের অনুমোদন পাওয়া গেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এর আগে দুই কোম্পানিকে একীভূত করার প্রক্রিয়া শুরু হয় গত বছরের ৩ সেপ্টেম্বর। ওই দিন ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মধ্যে একীভূতকরণ নিয়ে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়।

পরবর্তী ধাপে চলতি বছরের ২১ মে ওয়ালটন হাই-টেকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের কাছ থেকেও একীভূতকরণ প্রস্তাবের অনুমোদন নেওয়া হয়। আদালতের সম্মতির মাধ্যমে এখন একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

ওয়ালটন ডিজি-টেক বর্তমানে ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় ১২৩ ধরনের প্রযুক্তিপণ্য রয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ওয়ালটন ডিজি-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০ কোটি টাকা। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট রাজস্ব দাঁড়ায় ৯১৫ কোটি ৮০ লাখ টাকা এবং কর-পরবর্তী মুনাফা ছিল ৪ কোটি ৯ লাখ টাকা।

অন্যদিকে একই সময়ে ওয়ালটন হাই-টেকের পরিশোধিত মূলধন ছিল ৩০২ কোটি ৯৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির নিট রাজস্ব হয়েছে ৭ হাজার ৮২ কোটি ২৫ লাখ টাকা এবং কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ কোটি ৬২ লাখ টাকা।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, দুই প্রতিষ্ঠান একীভূত হলে ওয়ালটন হাই-টেকের পণ্যভিত্তিক ব্যবসা আরও বিস্তৃত হবে। বিশেষ করে প্রযুক্তিপণ্যের উৎপাদন সক্ষমতা, পণ্য বৈচিত্র্য ও বিপণন কার্যক্রমে সমন্বয় তৈরি হতে পারে।

এ ছাড়া একীভূত প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ালটনের প্রযুক্তিপণ্য ব্যবসা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ বাড়তে পারে। উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সমন্বয় তৈরি হলে পরিচালন ব্যয় কমানো এবং ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, একীভূতকরণ সফলভাবে বাস্তবায়িত হলে ওয়ালটনের প্রযুক্তিপণ্য ও ইলেকট্রনিক্স ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন

  • শেয়ার বাজার এর আরও খবর