বাজারে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও বাড়তি চাহিদা মেটাতে সোমবার ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তব্যাংক বাজারে ডলারের গড় বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৫ পয়সায়। আগের দিন এ হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উঠেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় জুলাইয়ে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি ব্যয় ৮৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, জুলাইয়ে রপ্তানি আয় ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে নেমেছে। আমদানি ব্যয় বাড়া ও রপ্তানি আয় কমার ফলে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় ২০২৫ সালের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কেনা শুরু করে। গত ১৪ মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৬০০ কোটি ডলার কিনেছে। এবার চাহিদা বাড়ায় সেই অবস্থান থেকে সরে এসে ডলার বিক্রির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে গত ১০ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ
আপনার মতামত লিখুন :