রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছুরা নিজ নিজ বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে বসেই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। পরে বরিশালের ভর্তিচ্ছুদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় সভায় বরিশালকেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়।
উপকমিটির সুপারিশ অনুযায়ী, আগামী বছরের ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে। ৯ জানুয়ারি বিজ্ঞান অনুষদের ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে দূর-দূরান্তের শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমবে।
আপনার মতামত লিখুন :