• ঢাকা
  • শুক্রবার, 2 October 2026, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 2 September, 2026
সর্বশেষ আপডেট : 2 September, 2026

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ

অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে ৪৪৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৯২ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে মোট ৯১৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮৬৯ কোটি ডলার।

আগস্টের রপ্তানি প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। এ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ, আয় হয়েছে ৩৮৯ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ। জুলাই-আগস্টে পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ, আয় হয়েছে ৭৫০ কোটি ডলার।

পোশাকের পাশাপাশি অপ্রচলিত রপ্তানি খাতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ৯ শতাংশ, ওষুধ ২৮ দশমিক ৫২ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য ২৪ দশমিক ৮৫ শতাংশ, মুদ্রিত সামগ্রী ২৪ দশমিক ৮৩ শতাংশ এবং প্রকৌশল পণ্য ২৩ দশমিক ৮৮ শতাংশ।

বাজারভিত্তিক হিসাবেও রপ্তানি বেড়েছে। আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। উদীয়মান বাজারের মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে ১৪১ দশমিক ৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৪২ দশমিক ৩৭ শতাংশ এবং সৌদি আরবে ৪২ দশমিক ৯ শতাংশ।

প্রধান বাজারে চাহিদা বৃদ্ধি, বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা, উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং উচ্চ মূল্য সংযোজন পণ্যের রপ্তানি বৃদ্ধিকে এই প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর