• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 26 August, 2026
সর্বশেষ আপডেট : 26 August, 2026

হলি ক্রস কলেজে একাদশে ভর্তি, বিবাহিতদের আবেদন নিষেধ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলি ক্রস কলেজ। একাডেমিক যোগ্যতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ শর্তও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন না করতে অনুরোধ করা হয়েছে। ভর্তি হওয়ার পর সেশন চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া নিয়মিত তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব শর্তে যাদের দ্বিমত রয়েছে, তাদের আবেদন না করার জন্য অনুরোধ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান—দুটি বিষয়ই থাকতে হবে। মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থেকে ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ প্রয়োজন।

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮.০০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবেন।

আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে কলেজের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে বিকাশের মাধ্যমে মোট ৫০০ টাকা জমা দিতে হবে। পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

লিখিত পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর

এসএসসি-২০২৬-এর পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও আসনসংক্রান্ত তথ্য ৮ ও ৯ সেপ্টেম্বর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

ফল ১৫ সেপ্টেম্বর, আসন ১,৩৫০

ভর্তি পরীক্ষার ফল ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

এবার হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি—মোট ১ হাজার ৩৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি : https://www.hcc.edu.bd/notice-for-new-class-xii-hsc-2026/

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর