• ঢাকা
  • বৃহস্পতিবার, 1 October 2026, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 26 August, 2026
সর্বশেষ আপডেট : 26 August, 2026

পল্লবীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে বাড়ি দখলের হুমকি ৬০ বছরের নারীকে

অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ৬০ বছর বয়সী এক নারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে তাঁর বাড়ি দখল এবং তাঁকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আছিয়া।

এ ঘটনায় মঙ্গলবার রাতে পল্লবী থানায় মামলা করেছেন তিনি। মামলায় রাসেল (৩৬), ইব্রাহীম (৩০), শাহিন (৩৬), নওশাদ (৪০) ও অমিত (৩৮) নামে পাঁচজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মিরপুর-১১ নম্বরের রাবেদা ক্যাম্প এলাকায় আছিয়ার একটি বাড়ি রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময় সেখানে গিয়ে শান্তিতে বসবাস করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে আসছিলেন। এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধের সময়সীমাও দেওয়া হয়। অন্যথায় বাড়ি দখল ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ভোর ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আছিয়ার বাড়িতে প্রবেশ করেন। তাঁকে ও পরিবারের সদস্যদের গালিগালাজ করে আবারও চাঁদা দাবি করা হয়। আছিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেল পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ক্ষতির হুমকি দিয়ে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকা কয়েকজন স্থানীয়ভাবে ‘আশিক গ্যাং গ্রুপ’-এর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেছেন আছিয়া।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • রাজধানী এর আরও খবর