• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 26 August, 2026
সর্বশেষ আপডেট : 26 August, 2026

কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

অনলাইন ডেস্ক
ছবি- সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন করেছেন শিক্ষার্থীরা। বোর্ডের অধীন ছয় জেলার ৯১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাতে শেষ হয়। বর্তমানে আবেদনকারীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করার কথা রয়েছে।

বোর্ড চেয়ারম্যান বলেন, এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন রেকর্ডসংখ্যক হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা যায়।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের অনেকে একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ নম্বর বাড়ার আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের প্রক্রিয়া শেষ করে ১০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা সম্ভব হবে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর