ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে তিনি সত্যিই ইসলাম গ্রহণ করেছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, এ বিষয়ে কার্লোস নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলার ১৮ আগস্ট এক প্রতিবেদনে দাবি করে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদা পাঠ করেন।
তবে সংবাদমাধ্যমটিও বিষয়টিকে নিশ্চিত ঘোষণা হিসেবে নয়, একটি দাবি হিসেবে উল্লেখ করেছে।
কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিনের বক্তব্যের পর। সাও পাওলোয় ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস এখন একজন মুসলিম।’ একই পোস্টে তিনি কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে, তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছে। তবে কার্লোস নিজে এখনো বিষয়টি নিশ্চিত করেননি।
ফলে তার ধর্ম পরিবর্তনের খবরকে আপাতত নিশ্চিত তথ্যের বদলে একটি দাবি হিসেবেই দেখা হচ্ছে। কার্লোসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।
ইসলাম গ্রহণের খবরের পাশাপাশি রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবনও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহেইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুহেইলা ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন ফুটবল প্রকল্প নিয়ে কাজ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত সম্পর্ক থেকেই পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
তবে তাদের বিয়ে সাম্প্রতিক নয়। গত জানুয়ারিতেই বিয়ের বিষয়টি সামনে এসেছিল। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয়। ১৭ আগস্ট সেই অনুষ্ঠানের ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আবার আলোচনায় আসে।
রবার্তো কার্লোস ব্রাজিলের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। বাঁ-পায়ের দুর্দান্ত শট, গতি ও আক্রমণাত্মক ফুটবলের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন।
তার ইসলাম গ্রহণের খবর সত্য কি না, সেটি নিশ্চিত হতে এখন সবার নজর কার্লোসের নিজের বক্তব্যের দিকে। তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত খবরটিকে দাবির পর্যায়েই রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :