রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করতে বিশেষ অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানের ফলে এলাকায় সক্রিয় কিশোর গ্যাংগুলো নির্মূল করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই বলেও জানিয়েছে র্যাব।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব বর্তমানে কিশোর গ্যাংয়ের ছোট সদস্যদের চেয়ে তাদের পেছনে থাকা গডফাদারদের গ্রেপ্তারে বেশি গুরুত্ব দিচ্ছে। গডফাদারদের গ্রেপ্তারের কারণে মোহাম্মদপুরের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে।
র্যাব-২-এর অধিনায়ক বলেন, মোহাম্মদপুরকে ঘিরে ‘সিটি অব গডস’ ধরনের যে ধারণা তৈরি হয়েছে, তা থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে বখাটে ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি পুরো রাজধানীকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে নয়মুল হাসান বলেন, গ্রেপ্তার তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তবে মামলাটির সরাসরি তদন্ত র্যাব করছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য থানা পুলিশের কাছ থেকেই পাওয়া যাবে।
এফ বার্তা/এইচ
আপনার মতামত লিখুন :