এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।
অর্থাৎ জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এবার মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী এবং ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র।
ফলে পাসের হার ও মোট উত্তীর্ণের সংখ্যা—দুই দিক থেকেই এবারের এসএসসি ও সমমানের ফলাফলে মেয়েদের সাফল্য বেশি।
আপনার মতামত লিখুন :