ফেসবুকে প্রেম, চীন থেকে এসে ইসলাম গ্রহণ করে কেরানীগঞ্জের তরুণীকে বিয়ে
অনলাইন ডেস্ক
0 Share
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের পরিণতিতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়াং জিয়াওপাং। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে শুভ ইসলাম।
জানা গেছে, কনের নাম সানজিদা আক্তার। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত ২৭ জুলাই বাংলাদেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সানজিদা আক্তার জানান, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশে এসে ওয়াং জিয়াওপাং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন, এরপর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়।
নবদম্পতির ভাষ্য, ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তারা নতুন জীবন শুরু করতে চান। শুভ ইসলাম বলেন, বাংলাদেশে এসে মানুষের আন্তরিকতা ও পারিবারিক বন্ধনে তিনি মুগ্ধ হয়েছেন। ইসলাম গ্রহণের সিদ্ধান্তও তিনি স্বেচ্ছায় নিয়েছেন।
সানজিদার মা নাসীমা বেগম জানান, মেয়ের সুখের কথা বিবেচনা করেই পরিবার বিয়েতে সম্মতি দিয়েছে। শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও ছেলেটির আচরণ ও আন্তরিকতায় পরিবারের সবাই সন্তুষ্ট বলে জানান সানজিদার ফুফু শাহীনুর বেগম।
পরিবার সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সানজিদাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে শুভ ইসলামের।
এদিকে চীনা যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়ে ঘিরে কেরানীগঞ্জে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
আপনার মতামত লিখুন :