• ঢাকা
  • মঙ্গলবার, 29 September 2026, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: 2 August, 2026
সর্বশেষ আপডেট : 2 August, 2026

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৩০ জুলাইয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সব অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানপ্রধান স্থানীয় ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এ প্যানেল গঠন করতে হবে। পরে অন্যান্য সদস্যের প্রস্তাবসহ বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে।

সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। এ বিষয়ে দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর